ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের গাছতলা দয়ারামপুর গ্রামে কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে মামুন (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বিএনপি কর্মী তাজুলের ধারালো অস্ত্রের কোপে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
বুধবার (৩ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি কর্মী তাইজুলের সঙ্গে মামুনের কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তাইজুল, সাকিব ও সজিব (পিতা: শাহজাহান), কাজল (পিতা: রহিম উদ্দিন), যাকারুল ও বাদল (পিতা: মৃত লাজিম উদ্দিন), ফয়জু ও হাইজু (পিতা: আহাম্মদ), রুবেল (পিতা: হাসিম উদ্দিন) সহ আরও প্রায় ৩০ জনকে নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়।
এদিকে স্থানীয়দের দাবি, অভিযুক্ত তাজুল ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। তাঁর রাজনৈতিক প্রভাব ও আশ্রয়-প্রশ্রয়ে তাজুল দীর্ঘদিন ধরে এলাকায় বেপরোয়া আচরণ করে আসছেন বলেও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে মোতাহার হোসেন তালুকদার বা বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
Admin